শিবগঞ্জে মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষ, আহত ৪

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৫ এএম


শিবগঞ্জে মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষ, আহত ৪

ছবি-প্রতিদিনের চিত্র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া পেট্রোল পাম্প এলাকায় চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে চালক ও আরোহীসহ মোট চারজন আহত হয়েছেন।

সোমবার বিকেল ৪টার দিকে এই দূর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। মোটরসাইকেল সংঘর্ষে আহতরা হলেন- কানসাট পল্লী বিদ্যুৎ এলাকার কাজীপাড়া গ্রামের মৃত মেহরাব আলীর ছেলে সেতাউর রহমান (৫৫), তার সহধর্মিনী মোসা. ইসমোতারা বেগম (৩৯), একই উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর গ্রামের তোবিরুদ্দিনের ছেলে টনি আলী (২৪) ও ঢোড়বোনা গ্রামের আব্দুল হামিদের ছেলে মোশাররফ হোসেন (২৭)।

এ বিষয়ে আহত সেতাউর রহমান জানান, বিকেলে নিজ বাড়ি হতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে কাজীপাড়া থেকে শিবগঞ্জ বাজার যাবার পথে পুখুরিয়া পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে স্ত্রীসহ তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এছাড়াও অপর মোটরসাইকেলে থাকা মোশারফ এবং টনিও আহত হন।

এদিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, আহতদের মধ্যে সেতাউর রহমানের ডান পা ভেঙে গেছে। আর তাই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে সেতাউর রহমানের স্ত্রীসহ বাকিরা আশঙ্কামুক্ত।

Ads