শিবগঞ্জে আ’লীগ নেতার বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ আগস্ট ২০২০, ০৭:১৪ পিএম


শিবগঞ্জে আ’লীগ নেতার বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি- প্রতিদিনের চিত্র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে শিবগঞ্জে আওয়ামী লীগ অফিসের সামনে আ'লীগ নেতা সুকুর্দির বাড়িতে হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র এ আর এম কারিবুল হক রাজিন, হামলার শিকার শিবগঞ্জ পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সুকুর্দি ও তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধন চলাকালীন সময়ে অতর্কিতভাবে আবারো প্রতিপক্ষ হামলা চালিয়ে মানববন্ধনকে ছত্রভঙ্গ করে দেয় এবং উক্ত হামলায় ৬-৭ জন আহত হয় এবং তারা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান পৌর মেয়র।

পরে দুপুরে পৌর মেয়র কারিবুল হক রাজিন-এর বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে কারিবুল হক রাজেন অভিযোগ করে বলেন, বর্তমান কুমিল্লার এসপি সৈয়দ নুরুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং কুমিল্লায় কর্মরত এএসআই মামুনের নেতৃত্বে একটি বাহিনী  শিবগঞ্জে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, কুমিল্লার এসপির নির্দেশে অত্র অঞ্চলের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন হামলা-মামলায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি আরো বলেন, ফেসবুকে মাননীয় এমপি ডাঃ শিমুল এবং আমাকে জরিয়ে ফেসবুকে কটুক্তি করে নুরুল এসপির ক্যাডার বাহিনী। এর প্রতিবাদ করায় শুকুর্দির ছেলে নাদিমকে বেধড়ক মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দেয় এসপি গ্রুপের রহমত,সৌরভ,আলিরাজ,হিমেল,সুমন,ফয়সালসহ ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী দল।

মেয়র বলেন,শুধু তাই নয় গত ২৪ আগস্ট আনুমানিক রাত সাড়ে ১০টা এবং দ্বিতীয় দফায় রাত ১টার সময় কুমিল্লা এসপির বডিগার্ড এএসআই মামুন, সৌরভ-এর নেতৃত্বাধীন ৩০-৩৫ জনের একটি বাহিনী সুকুর্দির বাড়িতে হামলা চালায়। এছাড়াও মেয়র বলেন সৈয়দ নুরুল ইসলামের ভাই নজরুল ইসলামকে জোর করে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে এবং আগামী পৌর নির্বাচনে তার আরেক ভাই মনিরুল ইসলামকে পৌর মেয়র নির্বাচিত করার লক্ষ্যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।মেয়র বলেন, আমাকে জীবননাশের হুমকি দিচ্ছে তারা আমি আমার জীবনের নিরাপত্তা চাই। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর সহোযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে হামলার শিকার সুকুর্দি অভিযোগ করে বলেন, আমি ১৯৮৪ সাল থেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আমি আওয়ামী লীগ করার অপরাধে আমাকে এবং আমার পরিবারকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। এমনকি আমাকে ও আমার ছেলেকে মেরে ফেলার জন্য প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রী কাছে।

হামলার বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, মানববন্ধন চলাকালে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। হামলা কেউ আহত হয়েছেন কিনা এ বিষয়ে আমার কিছু জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো অভিযোগ দায়ের করেনি বলেও তিনি জানান।

উল্লেখ্য যে, অপরপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পরিবার নিয়ে কটুক্তি করায় শিবগঞ্জ ডাকবাংলা চত্বরে পাল্টা সংবাদ সম্মেলন করেন।

Ads