চাঁপাইনবাবগঞ্জে ধানের ট্রলি উল্টে ৭ শ্রমিক নিহত
১৯ নভেম্বর ২০২০, ০৪:১৮ পিএম
ছবি- সংগৃহীত।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ধানের ট্রলি উল্টে খাদে পড়ে সাত শ্রমিক মৃত্যুবরণ করেছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিরোজপুর (সোনামসজিদ) বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে। এ সময় আহত হয়েছেন আরও ছয় শ্রমিক।
যানা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন, তারা হলেন, শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের বালিয়াদীঘি গ্রামের আবুল কাশেম, বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, কায়েম, আতাউর রহমানসহ আমানুরের ছেলে শিশু।
জানা গেছে, ভোর ৫টার দিকে নওগাঁ থেকে ধান কেটে ট্রলিতে করে সোনামসজিদের বালিয়াদীঘি যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ভাঙা সাঁকোর কাছে হঠাৎ ট্রলিটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাত শ্রমিক নিহত ও ছয়জন আহত হন। হতাহতরা সবাই সোনামসজিদের বালিয়াদীঘি গ্রামের ধানকাটা শ্রমিক বলে জানা যায়।
আরো পড়ুন
ইরান প্রশ্নে বাইডেনকে কঠিন অবস্থায় রেখে যাবেন ট্রাম্প!
ঘটনার খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাদের সিদ্দীকের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের তালিকা সংগ্রহ করে।































