বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি স্বপন
০৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৮ এএম
ছবি- প্রতিদিনের চিত্র।
লাখো মানুষের উপস্থিতে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে শুক্রবার বাদ জুম্মা জানাজার নামাজ শেষে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন, সাবেক শিল্প উপ-মন্ত্রী, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।
এর আগে দলীয় কার্যালয়ে ও শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের মরদেহে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সংগঠনের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। এ সময়ে তার কর্মময় জীবন ও তার আত্নার মাগফেরাত কামনা করে ভার্চুয়াল বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া জানাজা মাঠে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাবেক এমপি চয়ন ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহম্মেদ, সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম), শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু,শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান প্রমুখ।
এরপর জানাজা শেষে শাহজাদপুর পৌরসভার চুনিয়াখালিপাড়া শাহ মখদুম কবরস্থানে তার বাবা মায়ের কবরের পাশে তাকে চির নিদ্রায় শায়ীত করা হয়। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে কফিনে মোড়ানো মরহুমের নিথর মরদেহে সামরিক হেলিকপ্টার যোগে পাবনা জেলার বেড়া উপজেলার খালেকুজ্জামান স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে একটি লাশবাহী এম্বুলেন্সে করে মরদেহটি শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুরের তার নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পরে পাঠানপাড়ার পৈর্তৃক বাড়িতে মরদেহটি নেওয়া হয়। সেখানে তার পরিবারের লোকজন ও আত্নীয় স্বজন তাকে শেষ বারের মত শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, এমপি হাসিবুর রহমান স্বপন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। এক মেয়াদে তিনি শিল্প উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অমৃত্যু তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। শাহজাদপুর উপজেলার মাটি ও মানুষের এই জননেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি গত বুধবার রাত ৩টা ১৩ মিনিটের দিকে তুরষ্কের স্তাম্বুল মেমোরিয়াল হাসপাতালে করোনা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি শাহজাদপুর পৌর এলাকার পাঠানপাড়া মহল্লার মরহুম মৌলভী আতাউর রহমানের ছেলে।
এর আগে এদিন ভোর ৫টার দিকে বিশেষ বিমানে তার মরদেহ ঢাকা এসে পৌছায়। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেখান থেকে সামরিক হেলিকপ্টারে করে তার মরদেহ শাহজাদপুরে নেওয়া হয়।































