পীরগঞ্জে অসহায় বৃদ্ধার আকুতি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ নভেম্বর ২০১৯, ০৫:৫৪ পিএম


পীরগঞ্জে অসহায় বৃদ্ধার আকুতি

অর্থের অভাবে চিকিৎসা সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ঠাকুররগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধা সমীরণ বিবি ওসবিবি। স্বামী ঢুকরু মোহাম্মদ মারা গেছেন প্রায় ২৪ বছর আগে। তার বয়স বতর্মানে ৮৪ বছর। একমাত্র নাতনি ছাড়া পৃথিবীতে তাকে দেখার মত কেউ নেই। কিন্তু নাতনি জেসমিন সেও এখন শ্বশুরবাড়িতে থাকে।

সরেজমিন গিয়ে দেখা যায়, বৃদ্ধা সমীরণ বিবি বসত ঘরের উত্তর পাশে জরাজীর্ন খোলা জায়গায় ময়লা আবর্জনায় দূর্গন্ধযুক্ত বিছানায় জড়সড় হয়ে অর্ধউলঙ্গ অবস্থায় শুয়ে আছে। তার কাছে গেলে বিছানা সহ ব্যবহৃত কাপড়ের দুর্গন্ধে সেখানে দাঁড়িয়ে থাকাই কষ্টকর। তার কাছে একটি পাত্রে পানি, ২টি মরিচ, খানিকটা লবন ও ময়লাযুক্ত একটি বাটি দেখা যায়।

সকালে কি খেয়েছেন জানতে চাইলে তিনি জানান সকাল বেলা তার অনাহারেই কেটেছে। পরে কি খাবেন জানতে চাইলে বৃদ্ধ মা আকুতি করে বলেন, কয়টা মুড়ি ও একটু গুড় খেতে চাই। প্রতিবেশিদের কাছে বৃদ্ধা সমীরণ সম্পর্কে জানতে চাইলে তারা জানান, অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি! স্থানীয় ভাবে কয়েকটি ব্যাথার ট্যাবলেট কিনে দেয়া হয়েছে। জরাজীর্ণ অবস্থায় এই বৃদ্ধা কয়েকদিন যাবৎ একই ভাবে পরে আছেন। স্থানীয় রেজাউল করিম ও নীরব আলী বলেন, সবাই আর্থিক সহযোগিতা করে এগিয়ে এলেই তার চিকিৎসা করা সম্ভব। তাকে সহযোগিতা করতে চাইলে এই মোবাইল নাম্বারে (০১৭৫৩৯৫০৮৩৯) যোগাযোগ করবেন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় প্রতিদিনের চিত্র’কে বলেন, আমি বৃদ্ধা সমীরণকে দেখতে যাবো কি সহায়তা করা যায় তা করবো। তার যেহেতু কেউ নেই তাই বিত্তবানদের তাকে সহায়তা করা উচিত বলে জানান তিনি ।

 

Ads