গাইবান্ধায় ভোট বন্ধের ঘটনায় ইসির তদন্ত শুরু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ অক্টোবর ২০২২, ০৩:৫৬ পিএম


গাইবান্ধায় ভোট বন্ধের ঘটনায় ইসির তদন্ত শুরু

ছবি- সংগৃহীত।

 

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) উপনির্বাচনে ভোট বন্ধের ঘটনা তদন্তে দ্বিতীয় দিনের শুনানির কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত কমিটি। ইসির অতিরিক্ত সচিব ও গঠিত তদন্ত কমিটির প্রধান অশোক কুমার দেবনাথের নেতৃত্বে নির্বাচন কমিশনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে দ্বিতীয় দিনের শুনানির কাজ শুরু করেছে।

 

আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ৪০জন প্রিজাইডিং কর্মকর্তা, ২৭৮জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, ২০০জন পোলিং এজেন্ট (প্রত্যেক প্রার্থীর পক্ষে), সহকারী রিটার্নিং কর্মকর্তা, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমানসহ ৫২২ জনের শুনানি অনুষ্ঠিত হবে।

 

আর আগামী বৃহস্পতিবার ২০ অক্টোবর গাইবান্ধা সার্কিট হাউজে পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও র‌্যাবের কমান্ডিং অফিসার দুইজন, রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং জেলা প্রশাসক মো. অলিউর রহমানসহ ২৭ জনের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির প্রথম দুই দিন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মিডিয়া ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসি।

 

সর্বমোট ৬৮৫ জন ব্যাক্তিকে শুনানির আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে এ আসনের উপ-নির্বাচনের ‘ব্যাপক অনিয়ম’ খতিয়ে দেখতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

 

Ads