৬৫ হাজার হজ্জযাত্রী এখনও ভিসা পাননি
১১ জুলাই ২০১৯, ১০:২৫ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
এ বছরের হজ্জ ফ্লাইট শুরু হয়েছে এক সপ্তাহ আগে। ইতোমধ্যে ৭৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদী আরবে পৌঁছেছেন ২৭ হাজার ১৯৬ জন হজ্জযাত্রী।কিন্তু এ বছরে হজ্জে যাওয়ার অপেক্ষায় থাকা ৬৫ হাজারেরও বেশি হজ্জযাত্রী এখনও ভিসাই হাতে পাননি। হজ্জ অফিসের একসূত্র জানিয়েছে, হজের ভিসা করার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। আশা করা হচ্ছে নির্ধারিত ফ্লাইট সিডিউলের আগেই সব হজ্জযাত্রীর ভিসা প্রাপ্তি নিশ্চিত হবে।
আশকোনার হজ্জ অফিস সূত্র জানায়, গতকাল (বুধবার) সকাল পর্যন্ত বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের মোট ৭৫ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ থেকে পুরুষ নারী মিলে মোট ২৭ হাজার ১৯৬ জন হাজ্জযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ্জে যাওয়ার অপেক্ষায় রয়েছে আরও প্রায় এক লাখ।
তবে দেশে অপেক্ষায় থাকা এক লাখ হজ্জযাত্রীর মধ্যে এখনও ভিসা পাননি ৬৫ হাজার ৪৩৪ জন। সূত্র আরও জানায়, গত ৪ জুলাই হজ্জ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশ বিমানে ৩৮ ফ্লাইটে সৌদি আরবে গেছেন ১৩ হাজার ৭৭৫ জন। অন্যদিকে সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৪৭১ জন।
এদিকে এখনো ৬৫ হাজারের বেশি হজ্জযাত্রীর ভিসা না হওয়ার প্রসঙ্গে আশকোনাস্থ হজ্জ অফিসের পরিচালক (হজ্জ অফিসার) মো: সাইফুল ইসলাম জানান, হজ্জযাত্রীদের ভিসার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। সব ভিসা এক সাথে কিংবা অল্প সময়ের মধ্যেও ইস্যু করা সম্ভব হয় না ঢাকাস্থ সৌদি দূতাবাসের পক্ষে। পর্যায়ক্রমে হাজ্জযাত্রীদের ভিসা ইস্যু করা হয়। আমাদের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে। সব হাজ্জযাত্রী তাদের নির্ধারিত ফ্লাইটের আগেই ভিসা পেয়ে যাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। এই কর্মকর্তা আশা করছেন আগামী ১০/১২ দিনের মধ্যেই সবার ভিসা প্রক্রিয়া শেষ হবে।




































