কুলাউড়ায় যুবককে হত্যায় ৬ জন আটক
১৭ অক্টোবর ২০১৯, ০৩:৩৮ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ মঙ্গলবার রাতে কর্মধা ইউনিয়নের পুটিছড়া পানপুঞ্জি এলাকায় রাতব্যাপী অভিযান চালিয়ে নিখোঁজের চারদিন পর ইছমত আলী (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।
এঘটনায় বুধবার ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, লম্বাছড়া পুঞ্জির আদিবাসী প্রনলা (৪০), আশা হাকিডক (২২), রিয়া রিচিল (২২), জুয়েল ওরফে সনি পলেন (২৫), সাজিব (২৭) ও আসকরাবাদের রোকেয়া বেগম (৩০)।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, এ ঘটনায় নিহতের ভাই আব্দুস সামাদ বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
বুধবার (১৬অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃত আসামীদের মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘরগাও নিবাসী মৃত ইছহাক আলীর ছেলে ইছমত আলী কর্মধা ইউনিয়নের লম্বাছড়া পুঞ্জিতে পাহারাদারের চাকুরীরত অবস্থায় গত শুক্রবার রাতে নিখোঁজ হলে তার কোন সন্ধান না পাওয়ায় গত সোমবার রাতে কুলাউড়া থানায় এক জিডি করা হয়।
উক্ত জিডির প্রেক্ষিতে মঙ্গলবার(১৫অক্টোবর) রাতে বিভিন্ন তথ্যের সূত্রে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাদেক কাওসার দস্তগীর এর নেতৃত্বে ওসি ইয়ারদৌস হাসান,ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী,এসআই রহিম,এসআই সনকসহ কুলাউড়া থানার পুলিশদল রাতব্যাপী পুটিছড়া পুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে বড় ভোগাছড়ার ৩ ফুট মাটির নীচে পুতে রাখা নিখোঁজ ইছমতের লাশ উদ্ধার করা হয়।





















