কুলাউড়ায় দেয়াল চাপায় ৩ সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু
২৭ অক্টোবর ২০১৯, ০৫:১৪ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে টিউবওয়েলের জন্য তৈরী করা ঘরের মাটির দেয়াল চাপায় ৩ সন্তানের জননী নেওয়ারুন বেগমের( ৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার(২৭ অক্টোবর)ভোরে চিকিৎসারত অবস্থায় নেওয়ারুন বেগমের মৃত্যু হয়।
পারিবারিক সুত্রে জানা যায়, বিলেরপার গ্রামের বয়তুল্লাহ মিয়ার স্ত্রী নেওয়ারুন বেগম শনিবার বিকাল আনুমানিক ৩ টায় ভাত খাওয়ার জন্য পানি আনতে ঘরের বাইরের টিউবওয়েলে যান। এসময় কল ঘরের মাটির দেওয়াল ধ্বসে উনাকে চাপা দেয়। পরিবারের লোকজন প্রথমে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক নেওয়ারুন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নেওয়ারুন বেগমের এক মেয়ে ও ২ ছেলে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু বলেন, আমি উনার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও সরকারি সহায়তার দাবি জানাচ্ছি।
























