ছাতকে প্রশাসনের নির্দেশ অমান্য করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৩ পিএম


ছাতকে প্রশাসনের নির্দেশ অমান্য করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ

ছাতকের দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রামের শফিক মিয়ার বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে। গেল ২৭ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবরে পৃথক দু’টি অভিযোগ দায়ের করেন, ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আরিফ আহমদ জমির। দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে দখলকারিকে তিন দিনের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়ে আসলেও রহস্যজনক কারণে স্থাপনাটি এখনো বহাল তবিয়তে রয়েছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারি জায়গায় স্থাপনা নির্মানের বিষয়ে এলাকার লোকজনের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শফিক মিয়া এলাকায় একজন ভূমি খেকো হিসেবে পরিচিত। ৪০০ নং জে,এল.এর ১নং খতিয়ানভুক্ত ৪৩২ দাগে পাটিয়ার খাল অবস্থিত। খালের পশ্চিম পাড়ে শফিকের বসতবাড়ি। এ বসতবাড়ির সীমানা বরাবরে পাটিয়ার খালের তীর দখল করে উত্তরাঞ্চলের প্রায় তিনটি ইউনিয়নের মানুষের যাতায়াতের রাস্তা প্রায় বন্ধ করে দেয়াল প্রাচীর নির্মানে এলাকায় সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে উভয় পক্ষকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাছে যাওয়ার নির্দেশ দেন। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ওয়ার্ডের সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে বারগোপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জবর-দখলেরও অভিযোগ রয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। এদিকে অভিযোগের প্রেক্ষিতে গেল ১ ডিসেম্বর ঘটনাস্থল পরিদর্শন করে দখলকারিকে তিন দিনের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল। কিন্তু এ নির্দেশ অমান্য করে সে স্থাপনা উচ্ছেদের পরিবর্তে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

বারগোপী গ্রামের মুরুব্বি আবদুল হদিছ বলেন, পাটিয়ার খালের সরকারি জায়গা দখল করে বাড়ির পূর্ব সীমানা প্রাচীর ও উত্তরে পাটিয়ার খাল থেকে বারগোপী গ্রামের ভেতর দিয়ে জালালপুর-লামারসুলগঞ্জ সড়কে সংযুক্ত ৩৫০ নং দাগের রেকডিও রাস্তার জায়গা দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মান করছে শফিক। সহকারি কমিশনার (ভূমি) যে সীমানা চিহৃ করে গেছেন তাতেও তারা অসন্তোষ্ট উল্লেখ করে তিনি বলেন, উল্টো তাদের বিরুদ্ধে শফিক কর্তৃক আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে বলে তিনি শুনেছেন। এ বিষয়ে অভিযুক্ত শফিক মিয়া বলেন, বাড়ির সীমানা প্রাচীরের কাজ শুরু করায় বাঁধা দিচ্ছেন ওয়ার্ড মেম্বার আরিফ আহমদ জমির ও আবদুল হদিছ নামের দু’ব্যক্তি। তাদের বিরুদ্ধে তিনি সুনামগঞ্জ আদালতে একটি মামলাও দায়ের করেছেন। তিনি বলেন, সরকারি জায়গা দখল করে নয় নিজস্ব জায়গার উপর দেয়াল নির্মানের কাজ চলছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্তৃক তিন দিনের মধ্যে স্থাপনা উচ্ছেদের নির্দেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তীতে আরো একদিনের সময় বৃদ্ধি করা হয়েছিল। এখন এসব স্থাপনা তিনি আর উচ্ছেদ করতে পারবেন না যতক্ষণনা বাড়ির পূর্ব পাশে ৩৫শতক ভূমি তাকে দেয়া হবে। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল নিজ উদ্যোগে তিন দিনের সময় দেয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, অবশ্যই এ বিষয়ে দ্রুত একটি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Ads