করোনা পরীক্ষার মেশিন পৌঁছেছে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে
৩০ মার্চ ২০২০, ০৪:৩৩ পিএম
ছবি - সংগৃহীত
অবশেষে করোনা ভাইরাস পরীক্ষার মেশিন পৌঁছেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার সকালে করোনাভাইরাস পরীক্ষার জন্য আরটি-পিসিআর মেশিন ও সরঞ্জামাদি এসে পৌঁছায়। আগামী সপ্তাহ থেকে ওসমানী হাসপাতালেই করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা যাবে।
মেশিন ও সরঞ্জাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. আবুল কালাম আজাদ ও উপ-পরিচালক হিমাংশু লাল রায় প্রমুখ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান জানান, সকাল আটটার দিকে করোনাভাইরাস পরীক্ষা আরটি-পিসিআর মেশিন ও সরঞ্জাম ঢাকা থেকে এসে পৌঁছেছে। আশা করছি এক সপ্তাহের মধ্যে ল্যাব স্থাপন করা হবে এবং আগামী সপ্তাহের যে কোনো দিন থেকে সিলেটে করোনাভাইরাস পরীক্ষা শুরু হবে।
তিনি আরো বলেন, ল্যাব স্থাপনের পর সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করা হবে।





















