চুনারুঘাটে চা শ্রমিকদের মাঝে এসপি মোহাম্মদ উল্লার ত্রাণ বিতরণ
০১ এপ্রিল ২০২০, ০১:০১ এএম
ছবি- প্রতিদিনের চিত্র
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানের শতাধিক চা শ্রমিকের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম পিপিএম। মঙ্গলবার দুপুরে জেলার দূরবর্তী সীমান্ত এলাকা রেমা চা বাগানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের প্রভাবে দেশবাসী যখন ঘরবন্দী, খেটে খাওয়া মানুষ যখন ঘরে বসে ধুকছেন, ঠিক তখন তাদের মুখে আহার তুলে দিচ্ছেন হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্লাহ। তিনি বলেন ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়। টাকা পয়সা দিয়ে কি হবে? যদি আমার পাশের মানুষটি ক্ষুধার্ত থাকে। তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, ওসি (তদন্ত) চম্পক ধাম, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল হক সোহেল, সাবেক সভাপতি শাকিল চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রদীপ দাস সাগর, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম প্রমূখ।





















