ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পূজা উদযাপন কমিটির বৈশাখী উপহার
২৫ এপ্রিল ২০২০, ০৫:০৬ পিএম
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পূজা উদযাপন কমিটির বৈশাখী উপহার। ছবি- প্রতিদিনের চিত্র
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পূজা উদযাপন কমিটির খাদসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৪ এপ্রিল করোনা মোকাবিলায় সমাজের প্রতিষ্ঠিত শ্রেণী যখন নির্ভার হয়ে ঘরবন্দী তখন সমাজের আরেকটি শ্রেণী যারা পেটের দায়ে সাহায্যের আশায় মহামারী উপেক্ষা করে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে। দেশ যখন এমন কঠিন সময়ের মুখোমুখি তখন বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে। কিন্তু অভিনব এক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পূজা উদযাপন কমিটি।
জানা যায়, যারা সাহায্য নয় বরং ক্ষতিগ্রস্ত পরিবারদের কাছে "বৈশাখী উপহার" নামক উপহারের মাধ্যমে চাল,ডাল,পেয়াজ ও তেল ছাড়াও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছেন। দেশের প্রায় প্রতিটি জেলায় অসহায় পরিবারদের পাশে দাড়ানোর অঙ্গীকারবদ্ধ এই সংগঠনের আহবায়ক জনাব অভিষেক বিশ্বাস হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ২৪টি পরিবারে উপহার বিতরনের সময় বলেন, "ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পূজা উদযাপন কমিটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে ঘিরে গড়ে উঠলেও আমাদের মূলমন্ত্র হলো সমাজের প্রয়োজনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানো। ইতিপূর্বেও আমরা দেশের বিভিন্ন সংকটে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি, তারই ধারাবাহিকতায় করোনা মোকাবিলায় আমাদের এই “বৈশাখী উপহার”কার্যক্রম।ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অর্থায়নে আর্থিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ঢাকা, গোপালগঞ্জ, সুনামগঞ্জসহ দেশের অন্তত ৭টি জেলায় প্রায় শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি। কারণ উন্নয়নশীল দেশগুলোর যুদ্ধ কেবল করোনার বিরুদ্ধে নয় ক্ষুধার বিরুদ্ধেও। প্রতিটি জেলায় সংগঠনের সদস্যদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা তৈরী করে " বৈশাখী উপহার" নামক এই উপহার দেয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি সমাজের বিত্তবান শ্রেণী যদি এদের পাশে এসে দাড়ায় তাহলে এই মহামারী মোকাবিলা করা সম্ভব।" তিনি সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সমাজের বিত্তশালী শ্রেণীকে আহবান করেন এই দুঃসময়ে সমাজের পাশে দাঁড়াতে।





















