মৌলভীবাজারে পুলিশসহ করোনায় নতুন সনাক্ত ৬জন
২৭ এপ্রিল ২০২০, ০৫:৩৪ পিএম
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলায় পুলিশ সদস্যসহ করোনা আক্রান্ত ৬জন রোগী সনাক্ত করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ করোনা আক্রান্তের এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে কুলাউড়ায় ৪জন ও বড়লেখায় ১ জন শ্রীমঙ্গলে ১ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন জানান, গত ২২ এপ্রিল কুলাউড়ায় এক পুলিশ সদস্য এবং একই উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের ৬০ বছরের এক মহিলার দেহে করোনা সনাক্ত হয়। পুলিশ সদস্য আক্রান্ত হওয়ায় থানার ১৭ জন পুলিশ সদস্যকে এবং ওই মহিলার পরিবারের ৬ সদস্যকেও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টিনে থাকা সকলের নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে পাঠানো হয়েছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরুল হক জানান, কোয়ারেন্টিনে থাকা কুলাউড়ায় কর্মরত ১৭ জন পুলিশ সদস্যদের মধ্যে ২ জন এবং ফরিদপুর গ্রামের আক্রান্ত ওই মহিলার স্বামী এবং তাঁর পরিবারের ১৫ বছরের এক মেয়ের করোনা পজেটিভ রিপোর্ট রোববার রাতে পাওয়া গেছে।





















