কুলাউড়ায় সড়ক থেকে সিএনজি অটোরিকশা নির্দিষ্ট স্ট্যান্ডে স্থানান্তরিত
০২ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৫ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের যানজট নিরসনে সড়কের পাশ থেকে সিএনজি অটোরিকশা নির্দিষ্ট স্ট্যান্ডে স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পৌরশহরের উত্তরবাজার ও উছলাপাড়ায় নির্দিষ্ট স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা স্থানান্তরিত করা হয়।
জানা যায়, কুলাউড়া পৌর শহরে অন্যতম প্রধান সমস্যা ছিল যানজট। ১৩ টি ইউনিয়ন থেকে প্রতিদিন কয়েক সহস্রাধিক সিএনজি অটোরিকশা শহরে প্রবেশ করতো। শহরের প্রধান সড়কের ওপরে ও দুই পাশে যত্রতত্র অবৈধভাবে সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে থাকতো। এতে দেখা দিত তীব্র যানজট। মানুষ ও যান চলাচলে অনেক ভোগান্তি পোহাতে হতো। শহরকে যানজট মুক্ত করতে চলতি বছর উত্তরবাজার এবং উছলাপাড়ায় সড়ক ও জনপথের অব্যবহৃত জায়গা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। আর এ উদ্যোগকে বাস্তাবয়ন করতে উপজেলা প্রশাসন ও সওজ কর্তৃপক্ষ সহযোগিতা করেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সড়ক থেকে নির্ধারিত স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা স্থানান্তর অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায়, কেন্দ্রীয় জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া ট্রাফিক ইন্সপেক্টর মো. সিরাজ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩৫৯) কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক সোহাগ মিয়া প্রমুখ।
মেয়র সিপার উদ্দিন আহমদ জানান, এতদিন সিএনজি অটোরিকশার নির্দিষ্ট কোন স্ট্যান্ড ছিলো না। এজন্য সড়কের দুই পাশে স্ট্যান্ড বানিয়ে যত্রতত্র সিএনজি অটোরিকশা দাঁড় করে যাত্রী পরিবহন করা হতো। শহরকে যানজট মুক্ত করতে পরিকল্পিতভাবে এই উদ্যোগ নেওয়া হয়। এখন থেকে নির্ধারিত এই দুই স্ট্যান্ডে সিএনজি অটোরিকশাগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এতে শহরের যানজট থেকে অনেকটাই মুক্ত থাকবেন মানুষ।
























