জাতীয় সমরায় দিবসে ৮টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান
০৭ নভেম্বর ২০২১, ০১:২৩ এএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার পেয়েছে ছয় সমিতি ও সর্বোচ্চ সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারীর পুরস্কার পেয়েছে দুই সমবায় সমিতি।
শনিবার (৬ নভেম্বর) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মৌলভীবাজারের অধ্যক্ষ মোহাম্মদ দুলাল মিঞা, মৌলভীবাজার সদর অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।
মৌলভীবাজার জেলাও শিশু কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার। জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বড়ছড়া, কুশিয়ারা, নিবিড়, দুর্বার সমবায় সমিতির সভাপতি/সম্পাদক তাদের বক্তব্যে জেলা অফিসের বেদখল জায়গা উদ্ধার করা ও কিংশুক নামক প্রতিষ্ঠানের আমানত সংগ্রহকে অবৈধ বলে উল্লেখ করে এসমস্ত প্রতিষ্ঠান যেন ইভ্যালির মত দুর্নীতি করতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়ার জন্য অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের কাছে আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার- ডলুছড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লিমিটেড, শ্রীমঙ্গল; রুপালি সমবায় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, জুড়ী; লাকী মহিলা সমবায় সমিতি লিমিটেড, রাজনগর; জনবন্ধু বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, সদর; জুড়ী ভ্যালী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড, জুড়ী; স্মরণরায়নালা পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড, জুড়ীকে শ্রেষ্ঠ সমবায় সমিতি-২০২০ পুরস্কার প্রদান করা হয় এবং কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, কুলাউড়া; বড়ছড়া পানি ব্যাবস্থাপনা সমিতি লিমিটেড, শ্রীমঙ্গলকে ২০১৯-২০২০ অর্থবছরে সর্বোচ্চ সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।






















