সিলেটে বন্যার প্রভাবে মোমবাতির সংকট চট্টগ্রামে!
২৪ জুন ২০২২, ০৪:৪৬ পিএম
ছবি- সংগৃহীত।
সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যার কারণে চট্টগ্রামে মোমবাতির বাজারে বিরূপ প্রভাব পড়েছে বলে মনে করছেন অনেকে। চট্টগ্রামের খুচরা দোকানগুলোতে মাঝারি আকারের প্রতিটি মোমবাতির দাম এক থেকে দুই টাকা করে বেড়েছে। পাঁচ টাকার মোমবাতি সাত টাকায়, ১০ টাকার মোমবাতি ১২ থেকে ১৩ টাকায় বিক্রি হচ্ছে। নগরের বহদ্দারহাট ও চকবাজার এলাকায় বেশ কয়েকটি খুচরা দোকানির সঙ্গে কথা বলে মোমবাতির মূল্য বৃদ্ধির সত্যতা পাওয়া গেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, হঠাৎ করে মোমবাতির সরবরাহ কমে গেছে। তবে কেন কমেছে তা তারা সঠিকভাবে বলতে পারেননি।
নগরের বক্সিরহাট বদরপাতি এলাকার পাইকারি মোমবাতি বিক্রেতা সৈয়দ শফিকুল ইসলাম জানান, বৃহত্তর সিলেটে বন্যার কারণে চট্টগ্রামের খুচরা বাজারে মোমবাতি সরবরাহ কমে গেছে। বিশেষ করে চট্টগ্রাম থেকে সিলেটের আশপাশের এলাকার ব্যবসায়ীরা পাইকারিভাবে বেশি মোমবাতি কিনে নিয়ে যাওয়ার কারণে স্থানীয় বাজারে সরবরাহ কমে গেছে। তবে সপ্তাহখানেক পর ঠিক হয়ে যাবে।
সরবরাহ ঘাটতির কারণে দাম বেড়েছে- এমন প্রশ্নের জবাবে এই ব্যবসায়ী বলেন, এমনিতেই গত ছয় মাসের তুলনায় বর্তমানে মোমবাতির দাম বেড়েছে দুই থেকে তিন টাকা। নিয়মিত ব্যবহারের মাঝারি আকারের ছয়টি করে এক প্যাকেট মোমবাতির পাইকারি মূল্য ছিল ৪০ থেকে ৪২ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৪৮ থেকে ৫০ টাকা। যা খুচরা বাজারে গিয়ে প্রতিটি মোমের দাম হয়েছে ১৫ টাকা।
সংশ্লিষ্টরা জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলায় ভয়াবহ বন্যার কারণে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। বৃহত্তর সিলেটের বড় একটি এলাকা সম্পূর্ণভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে আছে। পাওয়ার গ্রিড স্টেশনে বন্যার পানি প্রবেশ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিকল্প আলোর ব্যবস্থাতেও চরম সংকট দেখা দিয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলা সদরসহ আশপাশের এলাকায় দেখা দিয়েছে মোমবাতি সংকট।






















