অনুমোদন হলো বিলিয়ন ডলারের ‘টাকা বন্ড’

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ অক্টোবর ২০১৫, ০২:২৫ এএম


অনুমোদন হলো বিলিয়ন ডলারের ‘টাকা বন্ড’

ছবি-সংগৃহীত

 বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) বাংলাদেশে ১০০ কোটি ডলারের ‘টাকা বন্ড’ ছাড়ার প্রস্তাবে সরকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে পেরুর রাজধানী লিমায় অবস্থানকালে তিনি গণমাধ্যমকে  বলেন, আইএফসির প্রস্তাবে সাড়া দিয়ে বাংলাদেশ সরকার ১ বিলিয়ন ডলারের টাকা বন্ড ছাড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। জানা গেছে অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও আইএফসি  সম্মিলিত ভাবে সব দিক বিবেচনা করে দ্রুত এই বন্ড ছাড়বে।

চলতি বছর গত এপ্রিলে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক সদর দপ্তরে এক বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে আইএফসির দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের কর্মকর্তারা এই বন্ড ছাড়ার প্রস্তাব দিলে তখনই প্রাথমিক সম্মতি দিয়েছিলেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুহিত।

সরকারের প্রাথমিক সম্মতির পরপরই আইএফসি বাংলাদেশ সরকারের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়।  অর্থ-মন্ত্রণালয় তা পরীক্ষা-নিরীক্ষা করে ৪ অক্টোবর দাপ্তরীক ভাবে একটি চিঠির মাধ্যমে ‘টাকা বন্ড’ ছাড়ার অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বাংলাদেশে এই প্রথমবারের মতো ‘টাকা বন্ড’ ছাড়া হচ্ছে। এর আগে ভারতেও এ ধরনের বন্ড চালু করে আইএফসি। যদিওবা প্রবাসীদের জন্য আগে থেকে ‘ডলার বন্ড’ ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, এ সুযোগ আমাদের জন্য গৌরবের এবং এই প্রথম বাংলাদেশের টাকা আন্তর্জাতিক মূদ্রা বাজারের সঙ্গে বিনিময় যোগ্য হল। বাংলাদেশের টাকা লন্ডন স্টক মার্কেটে কেনা-বেচা হবে। ইচ্ছা করলে যে কেউ এই বন্ড কিনতে পারবে। সেই ডলার টাকায় কনভার্ট হয়ে তা বিনিয়োগ করা হবে।

আইএফসির প্রস্তাবে বলা হয়েছে, তারা আন্তর্জাতিক বাজার থেকে ১ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করে তা বাংলাদেশি মুদ্রা টাকায় এ দেশের বাজারে ছাড়বে। যে কেউ এ বন্ড কিনতে পারবে।

প্রায় ৫ শতাংশের মতো ইন্টারেস্ট থাকবে টাকা বন্ডে। বাংলাদেশী প্রবাসীদের সঞ্চয় ব্যাংকে না রেখে ‘টাকা বন্ডে’ বিনিয়োগ করলে ভালো লাভ পাবেন বলে জানান গভর্নর । এই বন্ড সকলের জন্য উন্মুক্ত চাইলে যে কেউ এ বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

Ads