চাতালকলে মিললো মাদক ব্যবসায়ীর লাশ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ নভেম্বর ২০১৯, ০৯:২৩ পিএম


চাতালকলে মিললো মাদক ব্যবসায়ীর লাশ

পুলিশের তালিকায় সুমন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অর্ধডজনেরও অধিক মাদকের মামলা বিদ্যমান তার বিরুদ্ধে। শেষতক চাতালকল থেকে উদ্ধার হলো তার লাশ। তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুমন মিয়া (৩০) ব্রাহ্মণবাড়িয়ার অাশুগঞ্জ উপজেলার খড়িয়ালা মদনপাড়ার ইউসুফ মিয়ার পুত্র। গতকাল রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের খড়িয়ালায় একটি পরিত্যাক্ত চাতালকল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিহত সুমন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে। ইতোপূর্বে এসব মামলায় তাকে একাধিকবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে সুমনের পরিবারের দাবী, আগে মাদক ব্যবসা করলেও সে এখন রিকশা চালায়। সুমন এক মাস যাবত সপরিবারে ঢাকায় থেকে রিকশা চালাতো। গত বৃহস্পতিবার সে ঢাকা থেকে সপরিবারে খড়িয়ালায় নিজ বাড়িতে আসেন। শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে গেলে আর বাড়ি ফিরেনি। রোববার সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে পরিত্যাক্ত চাতালকল খালেক অটো রাইস মিলের পাশে সুমনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এদিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর ময়না তদন্তের জন্য পাঠায় জেলা সদর হাসপাতাল মর্গে। নিহতের বুকে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন পায় পুলিশ। এদিকে নিহতের স্ত্রী হাওয়া বেগম সাংবাদিকদের জানান, 'আগে মাদক ব্যবসা করলেও সুমন এখন রিকশা চালায়। শনিবার রাতে একজন ফোন করে জানান তার স্বামীকে হত্যা করা হয়েছে। এরপর থেকে ওই নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।'

আশুগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সুমন ছিলো একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের অন্তত সাতটি মামলা বিদ্যমান।

Ads