খাগড়াছড়িতে প্রথাগত প্রধানগণের সচেতনতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা
০৪ নভেম্বর ২০১৯, ০৪:২১ পিএম
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশন এর সহযোগিতায় ‘‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রথাগত প্রতিষ্ঠানের নারী নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধি’’ সংক্রান্ত বিষয়ে প্রথাগত প্রধানগণের ‘‘সংবেদনশীলতা ও সচেতনতা বৃদ্ধি’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার খাগড়াছড়ি জেলা সদর মিলনপুরস্থ গাইরিং হোটেল সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্ক এর সভাপতি জয়া ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা।
প্রধান অতিথি বলেন, নারীদের নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নারীদের সমাজের একজন সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। নারীদের শুধু নারী হিসেবে মূল্যায়ন না করে একজন মা, একজন বোন হিসেবে দেখতে হবে। জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বপ্রথম নারীদের অগ্রাধিকার অপরিসীম। নারীরা এগিয়ে গেলে দেশ, সমাজ ও জাতি এগিয়ে যাবে।
এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও পার্বত্য চট্টগ্রাম উইমেন রির্সোস নেটওয়ার্ক এর প্রতিনিধি মিজ শেফালিকা ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা কার্বারী এসোসিয়েশন এর সভাপতি রনিক ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক সান্তনা খীসা প্রমূখ।
কর্মশালায় এ সময় খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫৪জন কার্বারী-হেডম্যান (নারী কার্বারী-হেডম্যানসহ) অংশগ্রহণ করে।

































