আওয়ামী লীগের আলোচনা সভা পণ্ড , আহত ১৫

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ জানুয়ারি ২০২০, ০১:১৮ এএম


আওয়ামী লীগের আলোচনা সভা পণ্ড , আহত ১৫

ছবি - সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রতিপক্ষের হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভা পণ্ড হয়ে গেছে। হামলায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ১৫ জন আহত হন।

শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ভান্ডারি ভিলায় আলোচনা সভা চলাকালে একদল যুবক মঞ্চের চেয়ার-টেবিল ও গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, সভা চলাকালে হঠাৎ করে একদল যুবক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলে হামলায় চালায়। এ সময় তারা কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। এ ছাড়া ঘটনাস্থলে থাকা বেশ কিছু গাড়ি, চেয়ার-টেবিল ভাঙচুর করে তারা।

তিনি বলেন, হামলায় উপজেলা আওয়ামী লীগের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারি অভিযোগ করেন, বর্তমান সাংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপির লোকজন এই হামলা চালিয়েছেন। হামলাকারীরা এমপির নামে স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. মো. শামছুল হক ভূঁইয়া। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি দিন। এই আয়োজনে এ ধরনের হামলা আমরা প্রত্যাশা করিনি। যারা এই হামলা চালিয়েছে তাদেরকে বিগত সময়ে কখনই আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে দেখিনি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন, আওয়ামী লীগের আলোচনা সভা চলার সময় যুবলীগের একটি মিছিল বের হয়। মিছিলটি সভাস্থল অতিক্রম করার সময় হঠাৎ করে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। এতে ৬-৭ জন আহত হওয়ার খবর পেয়েছি।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। হামলার ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Ads