খাগড়াছড়িতে পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে পাড়াকেন্দ্র ভবন উদ্বোধন
০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০০ পিএম
খাগড়াছড়িতে নবনির্মিত পাড়াকেন্দ্র ভবন উদ্বোধন। ছবি-প্রতিদিনের চিত্র
খাগড়াছড়িতে পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত পাড়াকেন্দ্র ভবন উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি। এসময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের সকল প্রান্তের শিশুদের সুরক্ষা-বিকাশ এবং শিক্ষা নিশ্চিতে বদ্ধ পরিকর। বিশেষ করে পার্বত্য এলাকার প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের শিশুদের জন্য নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ মনোযোগ রয়েছে। সরকারের সহযোগিতায় ইউনিসেফ সাহায্যপুষ্ট ‘টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’-এর আওতায় পাড়া কেন্দ্রগুলোর স্থায়ী অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। সরকারের লক্ষ্য রয়েছে পর্যায়ক্রমে ০৪ হাজারটি পাড়া কেন্দ্রকেই স্থায়ী অবকাঠামোতে উন্নীত করার।

শনিবার (৮ ফেব্রুয়ারী ২০২০) খাগড়াছড়ি জেলা সদর উপজেলায় ঠাকুরছড়া এলাকায় শিশুদের জন্য ‘চরপাড়া মডেল পাড়াকেন্দ্র’ ভবন উদ্বোধন করা হয়।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক মো: জান-ই আলম, ইউপি চেয়ারম্যান আম্যে মারমা, সাবেক জেলা তথ্য কর্মকর্তা সুরেশ মোহন ত্রিপুরা এবং জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা প্রমূখ।

এসময় প্রধান অতিথি, সরকারের সাবেক এই সচিব, সরকার ও দাতাদের উদার সহযোগিতাকে ধরে রাখার জন্য শিশুদের অভিভাবক, জনপ্রতিনিধি এবং প্রকল্পের কর্মচারি-কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।































