পাহাড়ে পরিবেশ সুরক্ষায় কার্বারী-হেডম্যানদের ভূমিকা রাখতে হবে
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৭ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি জানান, পাহাড়ে পরিবেশ সুরক্ষায় কার্বারী-হেডম্যানদের ভূমিকা রাখতে হবে। এছাড়াও পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয় করে সুষ্ঠু আইন প্রয়োগ করতে হবে। পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর দিকগুলো সর্ম্পকে জনগণকে অবহিত করে সচেতন থাকার আহ্বান জানান। বুধবার (২৬ফেব্রুয়ারি ২০২০ দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হলে সিএইচটি হেডম্যান নের্টওয়ার্ক আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রথাগত অধিকার ও আইনের প্রতি বর্তমান সরকার আন্তরিক জানিয়ে মন্ত্রী আরও বলেন, হেডম্যান কার্বারীদের বেতন ভাতা বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা সমাধান করা হবে। তিন পার্বত্য জেলায় বিভিন্ন মন্ত্রণালয় থেকে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কার্যক্রম ইতিমধ্যে চলমান আছে বলেও জানান মন্ত্রী।
সম্মেলনে সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় ত্রিপুরা স্বাগত বক্তব্যে, হেডম্যান কার্বারীদের বেতন ভাতা বৃদ্ধি, নিয়মিতকরণ, ভূমি ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে প্রশিক্ষণ এবং হেডম্যানদের জন্য অফিস সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের দাবি জানানো হয়।
এর আগে সকালে পৌর টাউন প্রাঙ্গণ থেকে রেলী শুরু হয়ে জেলা শাপলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়। পার্বত্য চট্টগ্রাম হেডম্যান সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল কামাল, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতিনিধি (অতিরিক্ত জেলা প্রশাসক) খন্দকার রেজাউল করিম, পুলিশ সুপার মো: আব্দুল আজিজ, পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলমস, এএলআরডির উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনিসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও হেডম্যান-কার্বারীরা উপস্থিত ছিলেন।


































