চাঁদপুর পৌর নির্বাচনের বিএনপি প্রার্থী আর নেই

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ মার্চ ২০২০, ০৪:৪৩ পিএম


চাঁদপুর পৌর নির্বাচনের বিএনপি প্রার্থী আর নেই

ছবি - সংগৃহীত

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান ভূঁইয়া মারা গেছেন।

শুক্রবার (১৩ই মার্চ) ভোর ৫টায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে তিনি হঠাৎ করে অসুস্থতাবোধ করলে শহরের প্রিমিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকালে বাদ আছর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

শফিক ভূঁইয়ার মৃত্যুর খবর শুনে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জিল্লুর রহমান জুয়েল তার মরদেহ দেখতে ছুটে যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেধনা জ্ঞাপন করেন। তার মৃত্যুতে চাঁদপুরের রাজনীতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা আইন ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ভোটগ্রহণের আগে বৈধভাবে মনোনিত কোনো প্রার্থী মারা গেলে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট পৌরসভার সংশ্লিষ্ট পদের নির্বাচন কার্যক্রম গণবিজ্ঞপ্তির মাধ্যমে বাতিল করা হয়। তাই আগামী ২৯শে মার্চ পৌর নির্বাচনে মেয়র পদের নির্বাচন বাতিল করা হয়েছে। পরবর্তীতে তফসিল ঘোষণার মধ্যদিয়ে এই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Ads