আমরা যেন অকৃতজ্ঞ জাতি না হই: কুজেন্দ্র লাল ত্রিপুরা
১৭ মার্চ ২০২০, ১১:০৯ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ প্রতিপাদ্যে জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগ ও বিএমএ খাগড়াছড়ি জেলা শাখা কর্তৃক বর্ষব্যাপী বিশেষ ফ্রি সার্জারী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের আরও বেশি দেশপ্রেম হতে হবে। দেশপ্রেম হলে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে। বঙ্গবঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এ স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমরা যেন অকৃতজ্ঞ জাতি না হই।
পার্বত্য চট্রগ্রামের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আলাদা একটা টান রয়েছে। পার্বত্য চট্রগ্রামকে তিনি দেশের মূল স্রোতে সম্পৃক্ত করতে চান। জাতি-ধর্ম-বর্ণ সকল সম্প্রদায় মিলে আমরা একটা ঐক্য জাতি গড়তে চাই। সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। সোনার বাংলা গড়তে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের ফিস্টুলা কর্ণারে এ ফ্রি সার্জারী ক্যাম্প উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুকুল নন্দী দাশ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালবাসা থেকেই মূলতঃ এ ফ্রি সার্জারি ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের কাছ থেকে কোন টাকা নেওয়া হবে না। জেলা স্বাস্থ্য বিভাগ এবং বিএমএ এর নিজস্ব অর্থায়নে এ ক্যাম্প পরিচালিত হবে। এ সার্জারি ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ ১০০জন গরীব-অসহায় রোগীকে বিনামূল্যে অপারেশন করা হবে। এছাড়াও ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের জন্যও বিশেষ প্লাস্টিক সার্জারি ক্যাম্প বসানো হয়েছে।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, মংক্যচিং চৌধুরী, মোঃ আব্দুল জব্বার, খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, জেলা সদর হাসপাতালের আরএমও পূর্ণজীবন চাকমা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক ডা. টুটুল চাকমা, ডা. নয়নময় ত্রিপুরা, ডা. মোহাম্মদ সৈয়দুল আলম কোরাইশি, ডা. রাজেন্দ্র ত্রিপুরা, ডা. জয়া চাকমা, ডা. রাজর্ষী চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
ফ্রি অপারেশন রেজিষ্ট্রেশনের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল এবং জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে অনুরোধ করা হয়েছে।
এর আগে সকালে টাউনহল চেতনামঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা স্বাস্থ্য বিভাগ ও আধুনিক জেলা সদর হাসপাতালের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।































