খাগড়াছড়ি সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক রোগীর মৃত্যু
২৬ মার্চ ২০২০, ০৩:৫৫ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের শ্বাসকষ্ট ও গলা ব্যথা নিয়ে বুধবার (২৫মার্চ) সকালে ভর্তি হয়ে আইসোলেশন ওয়ার্ডে থাকা এক রোগীর বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা। রোগীর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকসহ, ২ নার্স ও ১ আয়াকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি জানান, নিহত ব্যক্তির বয়স ৩০ বছরের মতো। লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় নিহত ব্যক্তি থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। নিহত ব্যক্তি পেশায় দিনমজুর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে স্বজনরা।
পূর্ণজীবন চাকমা বলেন, বুধবার সকালে শ্বাসকষ্ট, গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসলে লক্ষণ দেখে তাকে আইসোলেশনে রাখা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মরদেহ যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নিহতের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলেও জানান এই চিকিৎসক।































