আক্কেলপুরে এলপিজি গ্যাস পাম্পে আগুন: মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দগ্ধ কর্মচারী

চৈতন্য চ্যাটার্জী

০৮ নভেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম


আক্কেলপুরে এলপিজি গ্যাস পাম্পে আগুন: মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দগ্ধ কর্মচারী

ছবি- সংগৃহীত।

 

য়পুরহাটের আক্কেলপুর ফিলিং স্টেশনের এলপিজি পাম্পের ভাল্বে লিকেজ বন্ধ করতে গিয়ে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে সাইফুল ইসলাম (৫০) নামে এক কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

 

আহত সাইফুল ইসলাম আক্কেলপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের আলেকের মোড় এলাকার আব্দুর রহমানের ছেলে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত দশটার দিকে এলপিইজি পাম্পের ভাল্ব লিকেজ হলে এলপিজি স্টেশনের কর্মচারী সাইফুল ইসলাম ভাল্বের লিকেজ বন্ধ করতে যায় এবং কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দ হলে সাথে সাথে সেখানে আগুন লেগে সে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা জরুরী পরিসেবা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আক্কেলপুর ফিলিং স্টেশনের মালিক আলহাজ্ব মোঃ বজলুর রশিদ কবিরাজ মন্টু বলেন, আমি খবর পেয়ে তাৎক্ষণিক স্টশনে এসেছি। এঘটনায় আমার এক কর্মী দগ্ধ হয়েছে তার অবস্থার অবনতি হওযায় প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে। তিনি বলেন, এই অগ্নিকান্ডে প্রাথমিক ভাবে ধারণা করছি প্রায় বিশ- পঁচিশ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে। আমি ঢাকায় পেট্রোম্যাক্স এলপিজি লিঃকে অবহিত করেছি। তারা দ্রুত পর্যবেক্ষক টিম পাঠাবে।

 

জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুহিউদ্দিন জানান, মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে এলপিইজি পাম্পে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এসময় সাইফুল ইসলাম নামে কর্মচারী অগ্নিদগ্ধ হয়েছে। পাম্পের ভাল্বের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাস থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, আহত সাইফুলকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে যান এবং উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন।

Ads