আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটে জাপা-সহ ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম
ছবি- সংগৃহীত।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থীসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে ৩টি আসনে প্রার্থী রইলো ১৮ জন। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, লালমনিরহাটের ৫টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে জেলায় মোট ৩টি সংসদীয় আসন রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩টি আসনে মোট ২৩জন প্রার্থীকে চূড়ান্ত বৈধ ঘোষণা করা হয়। তার মধ্যে ৫জন মনোনয়ন প্রত্যাহার করায় বৈধ প্রার্থী রইলেন ১৮জন। লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ৬জন প্রার্থীর মধ্যে ২জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাবিবুল হক বসুনিয়া ও জাকের পার্টির মো. মানিকুর রহমান। লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে ৯জন প্রার্থীর মধ্যে ২জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন ও মুসলিম লীগের প্রার্থী মো. বাদশা মিয়া। লালমনিরহাট-৩ (সদর) আসনে ৮জন প্রার্থীর মধ্যে ১জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি হলেন জাকের পার্টির মনোনীত প্রার্থী সকিউজ্জামান মিয়া।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, লালমনিরহাটের ৩টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন প্রার্থী রয়েছেন ১৮জন।






















