কালীগঞ্জে দলের নির্দেশনা কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভোটের লড়াইয়ে এমপি'র ভাই-ছেলে

মোসলেম উদ্দিন রনি

২২ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পিএম


কালীগঞ্জে দলের নির্দেশনা কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভোটের লড়াইয়ে এমপি'র ভাই-ছেলে

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন পত্র দাখিল করেছেন, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহম্মেদ ও তার ভাই মাহবুবুজ্জামান আহম্মেদ।

 

রোববার (২১ এপ্রিল) বিকেলে মনোনয়নপত্র দাখিল করেন তারা এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপির পরিবারের সদস্য, আত্মীয়স্বজনদের অংশগ্রহণ না করতে বা অংশগ্রহণের প্রক্রিয়ায় থাকলে সেখান থেকে সরে আসতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে নির্দেশ রয়েছে। এমন পরিস্থিতিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য পুত্র ও সহোদরের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি জনমতে আলোচনা তৈরি করেছে।

 

নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে রাকিবুজ্জামান আহম্মেদ জানান, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছি এবং ইতিমধ্যে দাখিলও করেছি।

 

সংসদ সদস্যের ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ জানান, কালীগঞ্জ উপজেলা পরিষদের এবার নিয়ে পরপর দু’বারের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান তিনি। তাই তার ভক্ত ও সমর্থকদের আহ্বানে সাড়া দিয়ে ২১ মে অনুষ্ঠিতব্য কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছেন ও দাখিলও করেছেন তিনি।

 

এছাড়াও মনোনয়ন পত্র দাখিল শেষে চাচা-ভাতিজা সাংবাদিকদের প্রশ্নে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

 

Ads