মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে পিস্তলসহ দুই যুবক আটক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ জুলাই ২০২৪, ১১:৩৪ এএম


মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে পিস্তলসহ দুই যুবক আটক

পিস্তলসহ আটক দুই যুবক।

 

জামালপুরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় দুই যুবককে পিস্তলসহ দেখতে পেয়ে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত নেতাকর্মীরা। রোববার (৭ জুলাই) রাত দশটার দিকে ধর্মমন্ত্রীর নির্বাচনী এলাকা ইসলামপুর পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবক জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা হলেও এখন পর্যন্ত তাঁদের নামপরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ওই দুই যুবকের একজনের প্যান্টের পেছনে পিস্তলসদৃশ কিছু একটা রাখা ছিল। সেখানে উপস্থিত লিটন নামে এক আওয়ামী লীগ কর্মীর নজরে আসে বিষয়টি। পরে উপস্থিত অন্য নেতাকর্মীরা মিলে ওই দুই যুবককে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। ধর্মমন্ত্রী তখন ডাকবাংলোতে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান, দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে যাওয়ার সময় জুতা পড়তে গেলে তাদের একজনের পেছনে রিভলবার সদৃশ কিছু দেখতে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদেরকে মারধর করে থানায় খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে উপস্থিত হয়ে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Ads