বিরামপুর সবজি বাজারে কিছুটা স্বস্তি

মো: তানভীর আলম

২৩ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পিএম


বিরামপুর সবজি বাজারে কিছুটা স্বস্তি


রবরাহে বিঘ্ন ঘটার অজুহাতে বেশ কিছুদিন ধরে লাগামহীনভাবে বাড়ছিল সবজির দাম। এর মধ্যেই কিছুটা স্বস্তি ফিরেছে দিনাজপুরের বিরামপুর সবজির বাজারে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা করে কমেছে। নিত্যপণ্যের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ। তাদের দাবি আর দাম যেন আরো কমে।

বুধবার (২৩অক্টোবর) সকালে বিরামপুর নতুন বাজার ঘুরে দেখা যায়, বাজারের প্রতিটি দোকানেই সবজির যথেষ্ট সরবরাহ রয়েছে। আগের তুলনায় সরবরাহ বাড়ায় দাম নিম্নমুখী রয়েছে। কয়েকদিন আগেও বেগুন প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি হলেও তা কমে প্রকারভেদে ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া পটল ৬০ থেকে কমে ৪০ টাকা, ফুলকপি ১০০ থেকে কমে ৫৫ টাকা, বাঁধাকপি ১০০ থেকে কমে ৭৫ টাকা, করলা ৯০ থেকে কমে ৬০ টাকা, শিম ২৪০ থেকে কমে ১৮০ টাকা, মুলা ৬০ থেকে কমে ৪০ টাকা, শশা ৬০ থেকে কমে ৩০ টাকা, আলু ৬০ থেকে কমে ৫৫ টাকা, লাউ ৫০-৭০ থেকে কমে ৪০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। 

বাজারে সবজি কিনতে আসা তানভীর আলম বলেন, আলু কিনলাম ৫৫ টাকা কেজি দরে যা আগে ৬০ টাকা ছিল। বাধাকপি আগে কিনেছিলাম ১০০ টাকা কেজি আর আজকে কিনলাম ৭০ টাকায়। পটল আগে ৬০ টাকা কেজি কিনলেও আজ কিনলাম ৩৫ টাকায়। সবজির দাম আগে থেকে একটু মোটামুটি কমেছে।

সবজি কিনতে আসা শফিকুল ইসলাম বলেন, দুইদিন আগেও ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে ফুলকপি কিনেছিলাম। আজ দাম অনেকটা কম। ৬০ টাকায় কিনলাম। বেগুন ছিল ১০০ টাকা কেজি। সেই বেগুনের দাম কমে বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। আগের থেকে বাজারে সবজির সরবরাহ বেড়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। কেউ যেন বাড়তি চাহিদা পুঁজি করে ও কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়াতে না পারেন সেজন্য কাজ চলছে।
 

 

Ads