আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে মৎস্যপোনা বিতরণ
২৩ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা, অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্থ প্রান্তিক পর্যায়ের শতাধিক মৎস্য চাষীর মাঝে বিনামূল্যে এক সহস্রাধিক কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আখাউড়ায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাঝে এসব মৎস্যপোনা বিতরণের আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়।
আখাউড়া উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ের ভয়াবহ আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও উজান (ভারত) থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার বিভিন্ন জায়গায় জলাশয় ও পুকুর প্লাবিত হয়ে অনেক মৎস্য খামারী ক্ষতির সম্মুখীন হয়। ক্ষতিগ্রস্থ খামার, পুকুর ও দিঘীর মালিকের সংখ্যা ৯৬২ জন। তন্মধ্যে সবচে' বেশি ক্ষতিগ্রস্থ ১১৮ জন প্রান্তিক মৎস্য চাষীর মাঝে ১০ কেজি করে মোট এক হাজার ১৮০ কেজি কার্প জাতীয় মাছের (রুই, মৃগেল, কাতলা, কালিবাউশ ও গনিয়া) পোনা বিতরণ করা হয়েছে। প্রতি কেজিতে ৮০/৯০টি করে পোনা রয়েছে। বুধবার প্রথম ধাপে ৩৫ জন প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে এসব পোনা বিতরণ করা হয়েছে। বাকী চাষীদের মাঝেও পর্যায়ক্রমে বিতরণ করা হবে। পোনা বিতরণকালে অন্যান্যের মাঝে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাবাসসুম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।























