ধামইরহাটে "ভোরের দর্পণ" পত্রিকার ২৫তম বর্ষপূর্তি উদযাপন
২২ জানুয়ারি ২০২৫, ১০:৪২ এএম
অনুষ্ঠানের এক পর্যায়ে ইউএনও মোস্তাফিজুর রহমান উপস্থিত অতিথিদের নিজ হাতে কেক খাইয়ে দেন, যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে। ছবিঃ অরিন্দম মাহমুদ
নওগাঁর ধামইরহাটে "দৈনিক ভোরের দর্পণ" পত্রিকার ২৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ধামইরহাট লোকসাহিত্য কেন্দ্রে কেক কেটে এই বিশেষ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, "সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের কাজ হলো সত্য ঘটনা এবং বিষয়ভিত্তিক সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখা। সমাজ এভাবেই সাংবাদিকদের কাছে ইতিবাচক অবদান প্রত্যাশা করে।" তিনি আরও বলেন, "সাংবাদিকরা তাদের সাধ্যের মধ্যে কাজ করতে গেলে প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল এই রব্বানী, জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আবুল বয়ান, গয়েশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম, ভাতকুন্ডু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক তফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদক, স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ইউএনও মোস্তাফিজুর রহমান উপস্থিত অতিথিদের নিজ হাতে কেক খাইয়ে দেন, যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে। আলোচনা সভা ও সম্মিলনের মাধ্যমে "দৈনিক ভোরের দর্পণ"-এর ২৫তম বর্ষপূর্তি উদযাপন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।






















