নওগাঁয় ৫০০ পিস টাপেন্টা ট্যাবলেটসহ আটক ৭

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

৩০ জানুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম


নওগাঁয় ৫০০ পিস টাপেন্টা ট্যাবলেটসহ আটক ৭

আটককৃতরা হলেন— শ্রী কাজল কুমার বসাক (৪০), সাবিনা ইয়াসমিন (২৩), শ্রী সাগর সরকার (২৫), সাজু আহমেদ (৩২), আসাদুল ইসলাম (২৫), সাখাওয়াত হোসেন (২৫) ও মইনুল ইসলাম (৩২)।

ওগাঁয় মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে ৫০০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টা ট্যাবলেটসহ সাতজন আটক হয়েছে। আজ ভোর রাতে শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার কলেজ পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— শ্রী কাজল কুমার বসাক (৪০), সাবিনা ইয়াসমিন (২৩), শ্রী সাগর সরকার (২৫), সাজু আহমেদ (৩২), আসাদুল ইসলাম (২৫), সাখাওয়াত হোসেন (২৫) ও মইনুল ইসলাম (৩২)।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ইমাম জাফর জানান, আটককৃতদের মধ্যে শ্রী কাজল কুমার বসাক একজন ওষুধ ব্যবসায়ী। তার নওগাঁ শহরের ফুলপট্টি এলাকায় একটি ফার্মেসি রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ টাপেন্টা ট্যাবলেট যুবকদের কাছে বিক্রি করে আসছিলেন। তার মাধ্যমে এই মাদক সংগ্রহ করে কিছু যুবক এবং যুবতী মাদকসেবীদের কাছে তা সরবরাহ করত।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল বাঙ্গাবাড়িয়া এলাকায় সাবিনা ইয়াসমিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৫০০ পিস টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির বিষয়টি স্বীকার করেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।

Ads