লালমনিরহাটে প্রতিবন্ধী নারীকে একা পেয়ে ধর্ষণ, গ্রেপ্তার ১
১৬ মার্চ ২০২৫, ০১:১৯ পিএম
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহীন ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫-ই মার্চ) রাতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধর্ষক শাহীন একই উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের শওকত আলীর ছেলে। তিনি পেশায় ফেরিওয়ালা।
ওসি আলী আকবর জানান, রাতেই ওই নারীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করেছেন। এর আগে সন্ধ্যায় শাহীনকে গণ পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিকেলে ওই নারী বাড়িতে একাই ছিলেন। বিষয়টি বুঝতে পেয়ে সুযোগ নিয়েছিলেন শাহীন। তবে ওই সময়ই বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীর ছোট ভাই বাড়িতে আসেন এবং শাহীনকে হাতেনাতে ধরে ফেলেন।
আদিতমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, 'শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার তার মেডিকেল টেস্ট করানো হবে।'

































