জামাতার হাতে প্রাণ গেল শাশুড়ির
০১ মে ২০২৫, ০৭:৩৮ পিএম
প্রতিকী ছবি
ময়মনসিংহের মুক্তাগাছা পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করতে থাকে স্বামী। বাধা দিতে গেলে জামাতার ছুরিকাঘাতে প্রাণ হারান শাশুড়ি।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর ব্যাপারী পাড়া গ্রামে। আজ বৃহস্পতিবার (১ মে) ভোরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, মৃত জালাল উদ্দিনের মেয়ে রুমার (২৫) সঙ্গে গত প্রায় ৬ বছর আগে বিয়ে হয় একই গ্রামের সেলিম মিয়ার ছেলে মনির মিয়ার (৩০)। বিয়ের পর মনির রাজমিস্ত্রি কাজ করে ঘর জামাই হিসেবে বসবাস করতে থাকেন। এর মধ্যে স্ত্রী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। চাকরি করতে নিষেধ করলেও স্ত্রী মানেননি। এ নিয়ে দুই জনের মধ্যে বিবাধের সৃষ্টি হয়।
এ অবস্থায় বেশ কয়েকমাস ধরে স্ত্রী বাড়িতেই ছিলেন। গতকাল বুধবার রাতে মনিরের সঙ্গে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছিল। একপর্যায়ে মনির ঘর থেকে চলে যান।
রাত আড়াইটার দিকে মনির বাড়িতে এসে তার ছেলে মো. রোহান মিয়াাকে (৪) নিয়ে চলে যেতে চাইলে তার স্ত্রী রুমার সঙ্গে পুনরায় কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন মনির। এ ঘটনা দেখে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দিলে মনির ছুরি দিয়ে শাশুড়ির তলপেটে আঘাত করলে অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে সেখান থেকে দুইজনকেই উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে শাশুড়ি মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত মনির পালিয়ে যায়।
এ বিষয়ে মুক্তাগাছা থানার (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া চলছে।























