নওগাঁ জেনারেল হাসপাতালে দুদকের অভিযান: খাবার ও চিকিৎসাসেবায় অনিয়মের প্রমাণ

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

১৮ জুন ২০২৫, ০৮:৫৯ পিএম


নওগাঁ জেনারেল হাসপাতালে দুদকের অভিযান: খাবার ও চিকিৎসাসেবায় অনিয়মের প্রমাণ

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা অভিযানের নেতৃত্ব দেন। এ সময় কমিশনের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। ছবি- সংগৃহীত

ওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে খাবার বিতরণ ও চিকিৎসাসেবায় নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা দুই ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা । এ সময় কমিশনের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

দুদকের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ। তারা জানিয়েছেন, হাসপাতালে সেবা নিতে এসে নানা ভোগান্তির শিকার হতে হয়, বিশেষ করে খাবার ও চিকিৎসকের উপস্থিতি নিয়ে রয়েছে অসন্তোষ। অনেকে অভিযোগ করেছেন, হাসপাতালে ভর্তি হওয়ার পরও একাধিক দিন পর্যন্ত কোনো ধরনের খাবার দেওয়া হয়নি। যাদের দেওয়া হয়, তাও খেয়াল করে বাছাই করে দেওয়া হয়। বাধ্য হয়ে অনেকেই বাইরের হোটেল থেকে কিনে খাচ্ছেন। এছাড়া, চিকিৎসকরাও সঠিক সময়ে রোগীদের দেখতে আসেন না বলেও অভিযোগ পাওয়া গেছে।

দুদকের উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা বলেন, “হাসপাতালে খাবার সরবরাহে অনিয়ম, ওষুধ কালোবাজারি, সরকারি টেন্ডারে অস্বচ্ছতা এবং চিকিৎসকদের দায়িত্বে গাফিলতিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে খাবার বিতরণে অনিয়ম ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত না করার বিষয়টি প্রমাণিত হয়েছে। সরকারি টেন্ডারসংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।”

এ বিষয়ে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, “দুদক কিছু অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে। যদিও এটি ২৫০ শয্যার হাসপাতাল, কিন্তু এখনও আমরা ১০০ শয্যার বরাদ্দ পাচ্ছি। এ কারণে সব রোগীকে খাবার সরবরাহ করা সম্ভব হয় না। চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিয়েও কিছু ঘাটতি রয়েছে, তবে দুদকের পরামর্শ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

 

Ads