ধামইরহাটে ১৭০তম সান্তাল হুল দিবস পালিত
৩০ জুন ২০২৫, ০৮:০৮ পিএম
অনুষ্ঠানে বিপুল সংখ্যক আদিবাসী নারী-পুরুষের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ছবি- প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ঐতিহাসিক সান্তাল হুল দিবসের ১৭০তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৩০ জুন, সোমবার দুপুরে আদিবাসী নারী মঞ্চের উদ্যোগে এবং ডাসকো ফাউন্ডেশন ও হেকস ইপার-এর সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনটির শুরুতে বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়, যা বিভিন্ন স্লোগান ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে জগদল আদিবাসী স্কুল ও কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সান্তাল হুল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মেরী মর্মু। সভার প্রধান অতিথি জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম তাঁর বক্তব্যে সান্তাল বিদ্রোহের ইতিহাস, প্রেক্ষাপট ও বর্তমান প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি বলেন, "১৮৫৫ সালে এই দিনে ব্রিটিশ ও জমিদারদের নিপীড়নের বিরুদ্ধে সিদু-কানু নেতৃত্বে যে প্রতিবাদ শুরু হয়েছিল, তা শুধু সাঁওতালদের নয়—এটি ছিল বাঙালির স্বাধীনতা আন্দোলনেরও পূর্বসূরি।"
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান আলোচক জাতিসত্তা মুক্তি কাউন্সিলের সভাপতি এবং বাংলাদেশ সান্তাল বাইসি (বিএসবি)’র চেয়ারম্যান এস.সি. আলবার্ট সরেন। তিনি বলেন, "আজও আদিবাসীরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে। সিদু-কানুর স্বপ্নপূরণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যাপক সুদর্শন মালো, জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, হেকস ইপারের সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর এ এফ এম রোকনুল ইসলাম, ডাসকোর ফোকাল পার্সন মদন দাস, আদিবাসী নেত্রী বর্ষা বিশ্বাস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালক ডলি দাস।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাসকো’র প্রজেক্ট কো-অর্ডিনেটর (থ্রাইভ প্রকল্প) তোফাজ্জল হোসেন, সিডিও ইমরান হোসেন ও সিডিও রুবিয়া খাতুন।
আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে আদিবাসী সংস্কৃতি, ইতিহাস ও সংগ্রাম উঠে আসে নৃত্য, গান ও নাটকের মাধ্যমে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক আদিবাসী নারী-পুরুষের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।






















