খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
০৫ আগস্ট ২০২৫, ০৬:০৯ পিএম
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে শহীদ মো. মজিদ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
উল্লেখ্য, শহীদ মো. মজিদ হোসেন ছিলেন খাগড়াছড়ি জেলার একমাত্র শহীদ, যিনি ২০২৪ সালের জুলাই মাসে গণআন্দোলনের সময় জীবন উৎসর্গ করেন।
সকাল ৯টায় সর্বপ্রথম শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এরপর একে একে পুলিশ সুপার, পার্বত্য জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন এবং সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শহীদকে শ্রদ্ধা জানান।
পরে শহীদ মজিদ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বেলা ১২টায় জেলা সদরের খাগড়াছড়ি টাউন হলে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য এবং আহতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
দিবসের অংশ হিসেবে বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিএনপি ও তার সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে শহরে এক আনন্দ র্যালি বের করা হয়।
দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে শহীদ মজিদ হোসেনের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় খাগড়াছিবাসী।

































