আগামী মাসে আলুর দাম বৃদ্ধির আভাস : বাণিজ্য উপদেষ্টা
০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
আগামী এক মাসের ভেতরে আলুর দাম কিছুটা বাড়তে পারে। আমরা আলু রপ্তানীতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানিতে সহযোগিতা করছি। চাহিদা তৈরির চেষ্টা করা হচ্ছে। এছাড়া টিসিবি বাজার থেকেও আলু ক্রয় করবে। আলু রপ্তানীর লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। এই পদক্ষেপের মাধ্যমে চাষি ও ক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষিত রাখা হবে জানিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষকদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উক্ত কথা গুলো বলেন।
আজ শুক্রবার দুপুর পৌনে একটায় বাণিজ্য উপদেষ্টার বহনকারী হেলিকপ্টার উপজেলার গোপীনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, গোপীনাথপুর উচ্চবিদ্যালয় ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে গোপীনাথপুর থেকে দেড় কিলোমিটার দূরে বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার মর্তুজাপুর গ্রামে গিয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জুম্মার নামাজ আদায়ের পর তাঁর শ্বশুর মরহুম আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন। উপদেষ্টা শেখ বশিরউদ্দীর বিকেল পাঁচটা পর্যন্ত আক্কেলপুরে অবস্থানের পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে তাঁর সরকারি সফর সূচি থেকে জানা গেছে।
এসময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, হিমাগারকর্তৃপক্ষ বা কোন অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে বাজার ব্যবস্থাপনা ও প্রশাসন ব্যবস্থা নিবে। সরকারের পক্ষ থেকে প্রতি কেজি আলু ২২টাকা হিসেবে দাম নিধারণ করে দেওয়ার হয়েছে।

বাণিজ্য উপদেষ্টাককে ও হেলিকপ্টার দেখতে উৎসুক লোকজনের ভিড়ঃ বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আসছেন এমন খবর বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজানি হয়। সরকারি সফর সূচি অনুযায়ী, বাণিজ্য উপদেষ্টা হেলিকপ্টার আজ শুক্রবার সকাল ১১ টায় গোপীনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে অবতরণের কথা। সকাল থেকে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। সকাল দশটার আগেই গণমাধ্যম কর্মীরাও গোপীনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে আসেন। তখন থেকেই উৎসুক জনতা গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের দুইটি ফটকে বাণিজ্য উপদেষ্টা ও হেলিকপ্টার দেখতে ভিড় করছিলেন। তবে দেড় ঘন্টা বিলম্বে দুপুর পৌনে একটার দিকে উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টারটি উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে। গোপীনাথপুর এলাকার আবু মুছা তাঁর দুই বছরের নাতিকে কাঁধে নিয়ে বাণিজ্য উপদেষ্টাকে ও হেলিকপ্টার দেখতে আসেন। তিনি বলেন, আমার নাতি হেলিকপ্টার দেখার বয়না ধরেছে। নাতিকে কাঁধে নিয়ে হেলিকপ্টার দেখতে এসেছি। বাণিজ্য উপদেষ্টা গোপীনাথপুরে এসেছেন। গোপীনাথপুরের বাসিন্দা হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আগে কখনও সরকারের কোন মন্ত্রী গোপীনাথপুরে এসেছিল কি না তা জানি না।






















