ডিপ্লোমা শেষে সমাবর্তন অনুষ্ঠানের আবেদন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

১৯ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম


ডিপ্লোমা শেষে সমাবর্তন অনুষ্ঠানের আবেদন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান এঁর নিকট আবেদনপত্র দাখিল করেন। ছবিঃ এ কে নোমান।

সারা দেশের ন্যায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও এবার ডিপ্লোমা শেষে সমাবর্তন অনুষ্ঠানের দাবিতে আবেদন করেছেন। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে অধ্যক্ষ মো. নাসিমুজ্জামানের নিকট আবেদনপত্র দাখিল করেন।

এর আগে শিক্ষার্থীদের প্রতিনিধিরা নিজ নিজ বিভাগে গিয়ে সহপাঠীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং ক্লাস প্রতিনিধিদের মাধ্যমে সম্মতিসূচক স্বাক্ষর সংগ্রহ করেন। এতে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, বিশ্বের অনেক দেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করার পর সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেট ও স্মারক প্রদান করা হয়। এটি শিক্ষাজীবনের এক অনন্য ও স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।

শিক্ষার্থীরা আরও বলেন, “আমরা চার বছর ধরে কঠোর পরিশ্রম করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করি, কিন্তু বিদায় বা স্বীকৃতির কোনো আনুষ্ঠানিক আয়োজন থাকে না। যদি সমাবর্তন অনুষ্ঠান চালু হয়, তবে এটি আমাদের জীবনের এক গর্বের মুহূর্ত হবে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।”

Ads