ফরম ফিলাপের বর্ধিত ফি পুনর্বিবেচনার দাবিতে নওগাঁ পলিটেকনিকে শিক্ষার্থীদের আবেদনপত্র প্রদান

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

১৭ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম


ফরম ফিলাপের বর্ধিত ফি পুনর্বিবেচনার দাবিতে নওগাঁ পলিটেকনিকে শিক্ষার্থীদের আবেদনপত্র প্রদান

দুপুর ২টায় অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র হস্তান্তর করেছেন। পরে অধ্যক্ষের মাধ্যমে আবেদনপত্রটি বোর্ড চেয়ারম্যান বরাবর প্রেরণের অনুরোধ জানানো হয়। ছবিঃ মোঃ এ কে নোমান ।

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফরম ফিলাপের বর্ধিত ফি পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবিতে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র হস্তান্তর করেছেন। পরে অধ্যক্ষের মাধ্যমে আবেদনপত্রটি বোর্ড চেয়ারম্যান বরাবর প্রেরণের অনুরোধ জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষা বোর্ড সম্প্রতি কোনো পূর্বঘোষণা ছাড়াই ফরম ফিলাপের বিভিন্ন খাতে অস্বাভাবিকভাবে ফি বৃদ্ধি করেছে। এই অতিরিক্ত ফি বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর তীব্র আর্থিক চাপ সৃষ্টি করেছে। অনেক শিক্ষার্থী বর্ধিত ফি পরিশোধ করতে না পেরে ফরম ফিলাপের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতেও সংকটে পড়ছেন।

আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেশের দক্ষ মানবসম্পদ তৈরির মূল ভিত্তি কারিগরি শিক্ষা। অথচ ফরম ফিলাপ ফি-এর এই অযৌক্তিক বৃদ্ধি শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ক্ষতিগ্রস্ত করছে এবং অপ্রয়োজনীয় আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে। তারা মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান।

শিক্ষার্থীরা বর্ধিত ফি বাতিল করে পূর্বের ফি কাঠামো পুনর্বহাল অথবা শিক্ষার্থীবান্ধব একটি যৌক্তিক ফি নির্ধারণের দাবি জানান। তাদের মতে, বর্তমান ফি বহাল থাকলে বহু শিক্ষার্থী শিক্ষাজীবন থেকে পিছিয়ে পড়ার ঝুঁকিতে পড়বেন।

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মোট ১৬ জন শিক্ষার্থী আবেদনপত্রে স্বাক্ষর করেন। তারা আশা প্রকাশ করেন, বোর্ড কর্তৃপক্ষ দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের আর্থিক দুর্ভোগ লাঘব করবে।

 

Ads