ধামইরহাটে ভিক্ষুকদের নিয়ে মানবসেবার ব্যতিক্রমী বনভোজন
২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
আলতাদিঘীর মনোরম পরিবেশে দিঘীর পাড়ে ভিক্ষুকদের জন্য আয়োজন করা হয় বিশেষ ভোজের। ছবি- প্রতিনিধি
সমাজের বিত্তবানরা যেখানে অনেক সময় অসহায় মানুষের খোঁজই রাখেন না, সেখানে ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমী বনভোজনের আয়োজন করেছে নওগাঁর ধামইরহাট উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানবসেবা’। মানবিক এই উদ্যোগে ২৬ ডিসেম্বর দুপুরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পরিবহনের মাধ্যমে ৬০ জন ভিক্ষুককে আলতাদিঘী জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়।
আলতাদিঘীর মনোরম পরিবেশে দিঘীর পাড়ে ভিক্ষুকদের জন্য আয়োজন করা হয় বিশেষ ভোজের। সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ, সদস্যবৃন্দ ও আগত অতিথিদের উপস্থিতিতে তাদের পেটপুরে মাংস-বিরিয়ানি দিয়ে দুপুরের খাবার পরিবেশন করা হয়। ভোজন শেষে নারী ভিক্ষুকদের জন্য বালিশ বদল এবং পুরুষ ভিক্ষুকদের জন্য হাড়ি ভাঙাসহ বিভিন্ন আনন্দঘন খেলাধুলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমি আপিল বোর্ডের সদ্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ঠাকুর কমল ও নিরব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ মানবসেবা সংগঠনের সদস্য হাবিবুর রহমান, রাব্বি হোসেন, মাসুম, এহসান, নুর আলম প্রমুখ।

মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাসেল মাহমুদ বলেন, ‘মানুষ মানুষের জন্য-এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সাল থেকে আমরা ভিক্ষুক পুনর্বাসন, অসহায়দের গৃহ নির্মাণ, রমজানে রোজাদারদের ইফতার বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং দরিদ্রদের মাঝে ছাগল বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। এছাড়া ২০২১ সাল থেকে প্রতি মাসে ভিক্ষুকদের মাছ, মাংস ও পোলাও খাওয়ানো হচ্ছে। এই কার্যক্রমের চার বছর পূর্তি উপলক্ষে এবার তাদের নিয়ে বনভোজনের আয়োজন করেছি। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে বৃদ্ধাশ্রম নির্মাণসহ আরও বৃহৎ মানব সেবামূলক কর্মসূচি হাতে নিতে চাই।’
অনুষ্ঠানে ভূমি আপিল বোর্ডের সদ্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘মানবের সেবা করা একটি মহৎ কাজ, যা আল্লাহ তায়ালা পছন্দ করেন। ভিক্ষুকদের নিয়ে এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মানবসেবার প্রতিষ্ঠাতা রাসেল মাহমুদসহ সংগঠনের সকল সদস্যকে আন্তরিক সাধুবাদ জানাই।’
ব্যতিক্রমী এই আয়োজনে ভিক্ষুকদের মাঝে যেমন আনন্দের ছোঁয়া লেগেছে, তেমনি সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন উপস্থিত অতিথিরা।






















