খাগড়াছড়িতে এমপিওভুক্ত ৬৪জন শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান


খাগড়াছড়িতে এমপিওভুক্ত ৬৪জন শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

খাগড়াছড়িতেও সারা দেশের ন্যায়  এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫আগস্ট ২০২৬) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, খাগড়াছড়ি জেলায় এমপিওভুক্ত ৬৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পেয়েছেন। দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নেওয়া শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা প্রদানের এ কার্যক্রমকে সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মোর্তোজা আলী খান, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষক-কর্মচারীরা।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জেলার সঙ্গে সংযুক্ত হয়ে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। এ সময় সংশ্লিষ্টরা বলেন, অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের কর্মজীবনের পর আর্থিক সহায়তা ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে খাগড়াছড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্টরা এতে অংশ নেন।

Ads