৪০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও ফলমূল বিতরণ
বিয়ারৗং অনাথ আশ্রমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফার্নিচার হস্তান্তর
১৬ আগস্ট ২০২৬, ০৯:১৫ এএম
৪০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও ফলমূল বিতরণ ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের
খাগড়াছড়ির বিয়ারৗং অনাথ আশ্রমের আবাসিক শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফার্নিচার প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও ফলমূল বিতরণ করা হয়। শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিয়ারৗং অনাথ আশ্রমের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর ও বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৪৫ সেট বেঞ্চ—৪৫টি হাই বেঞ্চ ও ৪৫টি লো বেঞ্চ—এ ছাড়া চারটি টেবিল, চারটি চেয়ার ও দুটি আলমারি। ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং আপেল ও আঙুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি শাহেদুল হোসেন সুমন। বিয়ারৗং অনাথ আশ্রমের কার্যনির্বাহী কমিটির সভাপতি পরিমল জ্যোতি ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশ্রমের সাধারণ সম্পাদক চন্দ্র কিশোর ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নুশরাত হোসেন বাপ্পী ও বিপন ত্রিপুরা, সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিলন ত্রিপুরা এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুতি রঞ্জন ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশ্রমের কার্যনির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক কাজল বরণ ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে শাহেদুল হোসেন সুমন বলেন, বিয়ারৗং অনাথ আশ্রমের মতো প্রতিষ্ঠান সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব শিক্ষার্থীর পড়াশোনার পরিবেশ উন্নয়নে ফার্নিচারসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান ইতিবাচক উদ্যোগ।
তিনি বলেন, শুধু এককালীন সহায়তায় একটি প্রতিষ্ঠানের সব প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। আশ্রমের অবকাঠামো, আবাসন ও শিক্ষার্থীদের অন্যান্য প্রয়োজন চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
শাহেদুল হোসেন সুমন আরও বলেন, আগামী এক বছরের মধ্যে বিয়ারৗং অনাথ আশ্রমের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সম্ভাব্য সমাধানে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে আলোচনা করা হবে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আশ্রমের সাধারণ সম্পাদক চন্দ্র কিশোর ত্রিপুরা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও আবাসিক পরিবেশ উন্নয়নে ফার্নিচারসহ প্রয়োজনীয় সামগ্রী গুরুত্বপূর্ণ। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আশ্রমের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি গণেশ চন্দ্র ত্রিপুরা, কোষাধ্যক্ষ মিহির কান্তি ত্রিপুরা, সদস্য পপেন ত্রিপুরা ও মিতালী ত্রিপুরাসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে ফার্নিচার ও শিক্ষা উপকরণ হস্তান্তর এবং ফলমূল বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা করেন, এসব সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করার পাশাপাশি তাদের শিক্ষাজীবনে উৎসাহ জোগাবে।























