মানিকছড়িতে শান্তি পরিবহন ও প্রাণের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত
১৬ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম
খাগড়াছড়ির মানিকছড়িতে শান্তি পরিবহনের একটি বাস ও প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. সানাউল্লাহ (৩২) নামে কাভার্ড ভ্যানের চালক আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটির কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনটহরী বাজার মোড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-২৩৩৩) এবং বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-অ-১১-৬১০৭) তিনটহরী বাজার মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ সংঘর্ষ ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এতে কাভার্ড ভ্যানটির চালক সানাউল্লাহর পা গাড়ির ভেতরে আটকে যায়। পরে মানিকছড়ি থানা পুলিশ, মানিকছড়ি আর্মি ক্যাম্পের সদস্য ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে গাড়ি কেটে তাকে বের করে আনেন।
আহত সানাউল্লাহকে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত সানাউল্লাহ চট্টগ্রামের সীতাকুণ্ড থানার উত্তর বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ হোসেন।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।























