পিস্তল ঠেকিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ছেলেকে জিম্মি, লুটপাট

গাজী আরিফুর রহমান

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম


পিস্তল ঠেকিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ছেলেকে জিম্মি, লুটপাট

রিশালের বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় একদল সশস্ত্র ডাকাত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিক শরীফ জানান, রাত আনুমানিক ২টার দিকে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল তাদের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা বাড়ির সিসি ক্যামেরাগুলো ঘুরিয়ে দেয়। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে।

সিদ্দিক শরীফের ছেলে সিহাবের বুকে পিস্তল ঠেকিয়ে তাকে ও পরিবারের অন্য সদস্যদের ভয়ভীতি দেখায় ডাকাতরা। একপর্যায়ে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সিদ্দিক শরীফ বলেন, ডাকাতদের হাতে পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। আকস্মিকভাবে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়দের বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ জোরালোভাবে কাজ করছে। কীভাবে ডাকাতরা বাড়িতে প্রবেশ করেছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত চলছে।

এদিকে গভীর রাতে মধ্য রাকুদিয়া গ্রামের একটি বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Ads