জয়পুরহাটে কৃষকের ৭শ কলাগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম


জয়পুরহাটে কৃষকের ৭শ কলাগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

জয়পুরহাট সদর উপজেলায় এক দরিদ্র কৃষকের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার পুরানাপৈল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ৩৬ বছর বয়সী ছেলে কৃষক নূর মোহাম্মদের দেড় বিঘা জমির প্রায় ৭০০টি থোড় ও কাঁচা কলাসহ সবকটি গাছ কেটে সাবাড় করা হয়েছে।

​ভুক্তভোগী কৃষক জানান, স্থানীয় এনজিও ও বিভিন্ন লোকের থেকে প্রায় অর্ধলক্ষ টাকা ঋণ নিয়ে পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে তিনি এই কলাবাগান গড়ে তোলেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে ফলন্ত কলাগাছগুলো কেটে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার বিকেলে জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

​কৃষক নূর মোহাম্মদ বলেন, "দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রম আর বুকভরা আশা নিয়ে এই বাগান গড়ে তুলেছিলাম। অধিকাংশ গাছেই থোড় এসেছিল, ঝুলছিল কাঁচা কলা। গত বছর ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল, এবার বাজার ভালো থাকায় আরও বেশি লাভের স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক রাতের অন্ধকারেই সব শেষ হয়ে গেল।"

​এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এমন নির্মম ও জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এতে ভুক্তভোগী কৃষকের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, কৃষক নূর মোহাম্মদ অভিযোগ দেওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Ads