চট্টগ্রামে আ’লীগের দুই পক্ষের গোলাগুলি : নিহত ২
২২ সেপ্টেম্বর ২০১৫, ১২:০৮ এএম
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও অন্তত তিনজন।
সোমবার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপের বাতেন মার্কেট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত দু‘ব্যক্তির নাম জাহিদ ও কবির। আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে গরুর হাট নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সূত্র জানায়, পৌর মেয়র জাফরউল্যাহ টিটোর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য (চট্টগ্রাম-৩) এ বি এম মাহফুজুর রহমান মিতার দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্বের কারণেই বিকেলে গরুর হাটে জাফর গ্রুপ ও বাতেন গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকিরা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গোলাগুলিতে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি জানান।
































