লন্ডনে শিক্ষা মন্ত্রী
জিয়াউর রহমানের ‘ইচ ওয়ান, টিচ ওয়ান’ নীতিই- বাংলাদেশের সাক্ষরতার ভিত্তি
১৯ মে ২০২৬, ০৮:৫৩ পিএম
লন্ডনে চলমান 'এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬'-এর সাইডলাইনে আজ শিক্ষকদের অনবরত পেশাগত উন্নয়ন (Continuous Professional Development) বিষয়ক এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে যোগ দিয়েছেন শিক্ষা মন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ও স্কুল শিক্ষা বিষয়ক পরিচালক মাইকেল কনোলি ছাড়াও পাকিস্তানের পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধুসহ বেশ কয়েকটি প্রদেশের শিক্ষা মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
আলোচনাকালে পাকিস্তানের প্রতিনিধিরা বাংলাদেশের শিক্ষা খাতের অভূতপূর্ব সাফল্যের প্রশংসা করেন। তারা জানতে চান, পাকিস্তানের মতো একই ধরনের আর্থ-সামাজিক প্রেক্ষাপট থাকা সত্ত্বেও বাংলাদেশ কীভাবে সাক্ষরতার হারে এত বড় মাইলফলক অর্জন করল। জবাবে বাংলাদেশের শিক্ষা মন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক "প্রত্যেকে একজনকে শেখাও" (Each One, Teach One) নীতি মূলত বাংলাদেশের এই অগ্রগতির শক্ত ভিত্তি গড়ে দিয়েছিল। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান নবনির্বাচিত সরকারের দূরদর্শী পরিকল্পনা তুলে ধরেন, যার মধ্যে "এক শিক্ষক, এক ট্যাব" (One Teacher, One Tab) উদ্যোগটি বিশেষভাবে প্রশংসিত হয়।
এই গোলটেবিল বৈঠকটি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দুই দেশের শিক্ষা খাতের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র তৈরিতে একটি অত্যন্ত উন্মুক্ত ও গঠনমূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।






























